রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ শামসুন্নাহার বেগম (৫২) মারা গেছেন। এ নিয়ে ওই বাসায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শামসুন্নাহারের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ডা. সুলতান মাহমুদ জানান, এর আগে দেড় বছরের এক শিশুসহ তিনজন মারা গেছেন। দগ্ধদের মধ্যে শুধু আব্দুর রহমান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
১৯ নভেম্বর কাঁঠালবাগানের ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে দুই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
দেড় বছরের শিশু আর এস রহমান, আব্দুর রহমান ও সাবা আক্তার একই পরিবারের সদস্য। অন্য পরিবারের শামসুন্নাহার বেগম ও সানজিদা আক্তার ওই বাসায় সাবলেট থাকতেন।
