রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইমামপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় বাসিন্দা হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার মো. মাইনুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও আব্দুর রহমান এবং কাচালং সরকারি কলেজের প্রদর্শক আবুল ফজল।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় তরুণ, যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় মাদকের ক্ষতিকর দিক এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি তরুণদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি সহায়ক হতে পারে।
আয়োজকদের মতে, শুধু সচেতনতামূলক আয়োজন নয়, স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগও জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
