বন্যাদুর্গতদের পাশে ঢাকার ইরান দূতাবাস, পাঠাল জরুরি ত্রাণসামগ্রী

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৯:১৩:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৯:১৩:১০ পূর্বাহ্ন

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। অন্যান্য মুসলিম দেশের দূতাবাসগুলোর সঙ্গে যৌথভাবে তারা বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
 

সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে ভারী বর্ষণ এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।
 

প্রায় এক সপ্তাহ ধরে চলা এই দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৪০ জন। গত বুধবার মন্ত্রণালয়ের বন্যাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, বন্যাকবলিত জেলাগুলোতে এখন পর্যন্ত পানিবন্দী বা আক্রান্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জন।
 

এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে ইরান দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইরান দূতাবাসের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, চিনি, বিশুদ্ধ খাবার পানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
 

ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে অন্যান্য মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে একাত্ম হয়ে এই খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছে দূতাবাস কর্তৃপক্ষ।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]