বিশ্বকাপে পছন্দের সব দল একে একে বিদায় নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে ‘কুফা’ তকমা পেয়েছিলেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তবে গত বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর অবশেষে সেই অপবাদ ঘুচল এই অভিনেত্রীর।
ম্যাচ শেষ হতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করে টয়া লেখেন, ‘আমার কুফা কেটে গেছে!!!’ এই একটি বাক্যেই যেন দীর্ঘদিনের মজার সেই ‘অভিশাপ’ থেকে মুক্তির ঘোষণা দিলেন তিনি।
এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নিজের অদ্ভুত এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন টয়া। তিনি জানান, এবারের বিশ্বকাপে শুরু থেকেই তাঁর সমর্থন ছিল জার্মানির প্রতি। কিন্তু রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় দলটি। এরপর ব্রাজিলকে সমর্থন দিলেও তারাও আসর থেকে ছিটকে যায়। পরে জাপানের দিকে ঝুঁকলেও সেখানেও ভাগ্য সহায় হয়নি তাঁর।
টানা তিনটি প্রিয় দলের এমন বিদায়ের পর বিষয়টিকে মজার ছলেই একটি ‘সিরিয়াস এক্সপেরিমেন্ট’ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেছিলেন, ‘আমি এবার আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনাও হেরে যায়, ফাইনালে উঠতে না পারে বা বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে মেনে নেব সমস্যাটা সত্যিই আমার। আর তখন ফুটবল দেখাই বন্ধ করে দেব!’
তবে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয় টয়ার সেই শঙ্কাকে ভুল প্রমাণ করেছে। ম্যাচ শেষে দেওয়া নতুন পোস্টে তাঁর উচ্ছ্বাসই জানিয়ে দিচ্ছে, অন্তত নিজের কাছে তাঁর ‘কুফা’ তকমার ইতি ঘটেছে।