হরমুজ প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার’ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের নেতা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। একই সঙ্গে তিনি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার (১২ জুলাই) তিনি এমন মন্তব্য করেন।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএর বরাত দিয়ে রেজাই বলেন, ‘এই কৌশলগত জলপথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো মূল্যে এটিকে রক্ষা করবে।’
রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন ইরানের উপকূলীয় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে এবং এর পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনা এমন একসময়ে ঘটল, যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর আগে ইরান এই প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজ আটকে দেয় এবং যুক্তরাষ্ট্র ওমানের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য তেহরানকে দায়ী করে। এসব পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে।