ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে যোগ দেন ঢামেকের সাবেক শিক্ষার্থী ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী স্ত্রীকে পাশে বসিয়ে গুলশানের বাসা থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢামেক ক্যাম্পাসে উপস্থিত হন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী। প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। তাঁদের ঘিরে শুরু হয় সেলফি তোলার আনন্দ-আয়োজন। প্রধানমন্ত্রী নিজেও সেলফি তুলে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন।
এ দিন ঢামেকের ‘ডিএমসি-ডে ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে দুটি গাছ লাগান তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢামেক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গ্রাম থেকে অধিকসংখ্যক রোগীকে চিকিৎসার জন্য যেন ঢাকায় আসতে না হয়, সে জন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।’ একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।