বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ মঙ্গলবার মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
ম্যাচের আগে দুই দলের শক্তি, সাম্প্রতিক ফর্ম ও জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করে নিজেদের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক সংস্থা ‘অপ্টা’। তাদের সুপারকম্পিউটার প্রায় ২৫ হাজার বার ম্যাচটির সিমুলেশন (কাল্পনিক খেলা) চালিয়ে বর্তমান চ্যাম্পিয়নদেরই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রেখেছে।
অপ্টার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার সরাসরি জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। বিপরীতে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ১৮.৫ শতাংশ। অর্থাৎ, কাগজের হিসাবে লিওনেল স্কালোনির দলই আজ পরিষ্কার ফেবারিট।
তবে নকআউট ফুটবলে পরিসংখ্যান সবসময় মাঠের বাস্তবতার সঙ্গে মেলে না। গ্রুপ পর্বে দুই দলই বেশ কাঠখড় পুড়িয়ে নকআউট নিশ্চিত করেছে। আর্জেন্টিনা আগের রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে বড় ধাক্কা খেতে খেতে বেঁচে গেছে। দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানে জেতে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে মিশরের পথও সহজ ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে ড্র থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট কাটে আফ্রিকান দেশটি। ফলে দুই দলই ১২০ মিনিটের ধকল সামলে আসায় ক্লান্তি এবং ফিটনেস আজকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে।
আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞতা। লিওনেল মেসি এখনো যেকোনো মুহূর্তে ম্যাচের গতি বদলে দিতে পারেন। মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা যেমন বল নিয়ন্ত্রণে দক্ষ, তেমনি রক্ষণে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেসের উপস্থিতি দলকে জোগায় ভরসা।
অপরদিকে মিশরের মূল চালিকাশক্তি মোহাম্মদ সালাহ। চোটের ধাক্কা সামলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আক্রমণে তাঁর সঙ্গে ওমর মারমুশ এবং উদীয়মান হামজা আবদেল করিমও আর্জেন্টাইন ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে পারেন।
ব্রাজিল ও জার্মানির মতো পরাশক্তিদের বিদায়ের পর স্কালোনি নিজেও ম্যাচটি নিয়ে বেশ সতর্ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নকআউট পর্বে ফেবারিট বলে কিছু নেই এবং মাঠে আর্জেন্টিনাকে শতভাগ উজাড় করেই খেলতে হবে।