কবি সুফিয়া কামালের ছেলে প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল আর নেই

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১২:৪৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১২:৪৮:৩৯ অপরাহ্ন

কবি সুফিয়া কামালের বড় ছেলে, প্রবীণ সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আগামী ২৪ জুলাই তাঁর ৮৬ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।
 

নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার (৪ জুলাই) সকালে তাঁকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।
 

পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শাহেদ কামালের মরদেহ আজ ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ‘সাঁঝের মায়া’-তে রাখা হবে। রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে মা কবি সুফিয়া কামালের কবরেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
 

শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘকাল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বার্তা সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় প্রেসক্লাবেরও সদস্য ছিলেন।
 

দীর্ঘ সাংবাদিকতা জীবনের বাইরে তিনি ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১২ সাল পর্যন্ত এই বিভাগে ক্লাস নিয়েছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]