ফিরোজ সরকার দিনাজপুরঃ দিনাজপুর সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউনিয়নে প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলের সহায়তায় ৮০০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ১৪০ জন অসহায় ব্যক্তি ও ১৪০ জন প্রতিবন্ধীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।