নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে স্বর্ণ চুরির অভিযোগে দুই পুলিশ সদস্য ও তাদের দুই সোর্সকে (তথ্যদাতা) গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। ডাকাত সন্দেহে তাদের আটকে রেখে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকায় 'আইনজীবীর বাড়ি' হিসেবে পরিচিত একটি ভবনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল বাশার ও কনস্টেবল আরিফুল ইসলাম সাদা পোশাকে দুই সোর্সকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে মাদকবিরোধী অভিযানে যান।
তল্লাশির একপর্যায়ে কনস্টেবল আরিফুল আলমারির ড্রয়ার থেকে একটি স্বর্ণের চেইন নিজের পকেটে ঢুকিয়ে নেন। বিষয়টি বাড়ির লোকজনের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিদের পরিচয়পত্র দেখতে চান।
কিন্তু তারা পুলিশ সদস্য হয়েও কোনো পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। এতে সন্দেহ আরও তীব্র হলে বাড়ির নারী-পুরুষ ডাকাত বলে চিৎকার শুরু করেন।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ওই চারজনকে ঘিরে ফেলে এবং আটকে রেখে গণপিটুনি দেয়। পরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অবরুদ্ধ চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেই পরিবারের সদস্যদের বিস্তারিত জানার জন্য থানায় ডাকা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।