ফিরোজ সরকার, দিনাজপুরঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রযুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণে এই আয়োজন গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে এই কংগ্রেসের উদ্বোধনী পর্ব আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের ‘আইইইই (IEEE) হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘ICBISET-2026’ শীর্ষক এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. এম. সোহেল রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা বলেন, আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই প্রযুক্তি। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মাঝে জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, এই কংগ্রেসে উঠে আসা গবেষণালব্ধ তথ্য স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইই হাবিপ্রবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। তিনি জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আরও বড় পরিসরে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়া সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান ও সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই পর্বে বিভক্ত এই কংগ্রেসের দ্বিতীয় অংশটি সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।