বিশ্বকাপ ব্যর্থতায় সরকারি তদন্ত চান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট, কোচের পদত্যাগ

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৩৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৩৬:৪৯ অপরাহ্ন

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক বিদায়ের পর দেশটির ক্রীড়াঙ্গনে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই অনাকাঙ্ক্ষিত ব্যর্থতার কারণ খুঁজতে সরকারি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। পাশাপাশি ব্যর্থতার পুরো দায় নিয়ে পদত্যাগ করেছেন জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ং-বো।
 

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে প্রেসিডেন্ট লি জে মিয়ং এই তদন্তের আহ্বান জানান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে উঠে এসেছে। এর আগে রোববার কোচের দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন হং মিয়ং-বো।
 

২০২৬ বিশ্বকাপের ‘এ’ গ্রুপে থাকা দক্ষিণ কোরিয়া এবার নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে। চেকিয়াকে হারিয়ে আসর শুরু করলেও পরে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তারা।
 

তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকলেও ৪৮ দলের এই বিশ্বকাপে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা হয়নি তাদের। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে যায় দলটির।
 

এই অপ্রত্যাশিত ফলের পর প্রেসিডেন্ট লি ক্ষোভ প্রকাশ করে জানান, দলের এমন বিদায়ে তিনি শুধু বিস্মিতই নন, রীতিমতো হতবাক।
 

বিশ্বকাপে রাষ্ট্রীয় তহবিল ও করদাতাদের অর্থ ব্যয়ের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে এই ব্যর্থতার কারণ খোঁজার নির্দেশ দেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ক্রীড়া প্রশাসনে প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেছেন তিনি।
 

প্রেসিডেন্টের বিবৃতিতে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কোচ নিয়োগপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নেতৃত্ব নির্বাচনে যোগ্যতাকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে কি না এবং নিয়োগকারীদের জবাবদিহি নিশ্চিত করা গেছে কি না, সে বিষয়েও তিনি ইঙ্গিত দেন।
 

উল্লেখ্য, ২০২৪ সালে হং মিয়ং-বোকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সময়ও বেশ বিতর্ক হয়েছিল। তখন ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেও কেএফএ কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছিল।
 

এদিকে, রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ হং মিয়ং-বো। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ১৩৬ ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দলের প্রতি দায়িত্বশীল ছিলেন।
 

বাছাইপর্বে অপরাজিত থেকে দলকে মূল পর্বে তুললেও চূড়ান্ত মঞ্চে প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। কোচের এই বিদায়ের পর কোরীয় ফুটবলে এখন প্রশাসনিক কাঠামো বদলের দাবিই জোরালো হচ্ছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]