বিয়ের প্রতিশ্রুতি নিয়ে বিরোধ, প্রেমিকার ছুরিকাঘাতে যুবক খুন

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৩৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৩৪:৫৫ অপরাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রতিশ্রুতি ও সম্পর্কের বিরোধকে কেন্দ্র করে প্রেমিকার ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কিশোরীকে আটক করেছে পুলিশ।
 

সোমবার (২৯ জুন) ভোর পৌনে ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
 

নিহত যুবকের নাম সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২)। তিনি লক্ষ্মীপুর গ্রামেরই হাজী এনামুল হকের ছেলে। অন্যদিকে অভিযুক্ত কিশোরী নাঈমা জাহান (১৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।
 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন বছর ধরে সিয়ামের সঙ্গে নাঈমার প্রেমের সম্পর্ক চলছিল। ভোরে সিয়ামের বাড়িতে অবস্থানকালে দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।
 

বিরোধের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নাঈমা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক এবং গর্ভধারণ-পরবর্তী নানা জটিলতা নিয়ে তৈরি হওয়া ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও জব্দ করা হয়েছে।
 

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য সিয়ামের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পুরো ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]