কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের বৈশ্বিক নেতৃত্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে বিশাল মেগা-প্রকল্পের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই উদ্যোগের মাধ্যমে সিউলের বাইরের আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বৈষম্য কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।
সোমবার (২৯ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ ঘোষণায় প্রেসিডেন্ট লি জে মিউং এই বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।
প্রেসিডেন্টের এই ঘোষণার সময় বিশ্বের অন্যতম শীর্ষ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
ভাষণে প্রেসিডেন্ট লি জে মিউং বলেন, ‘অন্য যেকোনো দেশের চেয়ে দ্রুত আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার হলো আমাদের বড় ধরনের অগ্রযাত্রার তিনটি মূল ভিত্তি।’
এই মেগা-প্রকল্পের আওতায় আগামী কয়েক বছরে স্যামসাং ও এসকে হাইনিক্সসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানগুলো বিপুল অঙ্কের বিনিয়োগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজু এবং দক্ষিণ জিওলা প্রদেশও এই মেগা-প্রকল্পে ৫২০ ট্রিলিয়ন ওয়ন (প্রায় ৩৩৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে।
সামগ্রিক এই উদ্যোগের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন ও বিশাল একটি চিপ উৎপাদন কেন্দ্র বা ক্লাস্টার গড়ে তোলা হবে। মূলত ওই অঞ্চলের অব্যবহৃত বিপুল বিদ্যুৎ সম্পদকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে এই পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ ১ হাজার ট্রিলিয়ন ওয়ন বা ৬৫১ দশমিক ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।