চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। কঠোর নিরাপত্তাবেষ্টিত এই শহরে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ১০৯ তলা বিশিষ্ট ‘সিটিক টাওয়ারে’ এই দুর্ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গগনচুম্বী ওই ভবন থেকে বিমানের ধ্বংসাবশেষ নিচের দিকে খসে পড়ছে।
ভিডিওটিতে বিমানের লেজের একটি অংশ এবং ভবনের নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা কাচও নজরে আসে।
ঘটনাস্থল থেকে সিএনএনের এক প্রতিবেদক জানান, দুর্ঘটনার পরপরই ভবনটির ভেতর থেকে লোকজনকে দ্রুত ও নিরাপদে বের করে আনা হয়। পরে তাদের ভবনের প্রবেশমুখে অবস্থান করতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিমানের নিবন্ধন নম্বর (রেজিস্ট্রেশন কোড) বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস উড়োজাহাজ।
বিমানটির মালিকানা স্থানীয় একটি জেনারেল এভিয়েশন কোম্পানির বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ওই কোম্পানি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সিএনএন।