সরকারবিরোধী আন্দোলনে মদদ: ইরানে স্টারলিংক পাচারের চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৬:০১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৬:০১:০৯ অপরাহ্ন
ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের সহায়তায় গোপনে স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল ইসরায়েল। দেশটির তৎকালীন সরকার এই ইন্টারনেট ডিভাইসগুলো পাঠিয়েছিল বলে স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।
 
​বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর এই চাঞ্চল্যকর দাবির কথা জানানো হয়।
 
​জেরুজালেমে আয়োজিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে অংশ নিয়ে এই তথ্য ফাঁস করেন ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নাফতালি বেনেত।
​তিনি জানান, ইরানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ১০ হাজারেরও বেশি স্টারলিংক রিসিভার পাচারের উদ্যোগ নিয়েছিলেন তিনি।
 
​মূলত ইরানি বিক্ষোভকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন এবং শেষ পর্যন্ত সেখানকার সরকারের পতন ঘটানোই ছিল এই গোপন অভিযানের প্রধান লক্ষ্য।
 
​তবে বেনেতের অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অদক্ষতার কারণে পরিকল্পনাটি পুরোপুরি আলোর মুখ দেখেনি। ইরানে যখন বিক্ষোভ চরম আকার ধারণ করে, তখন সেখানে এই কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ছিল না।
 
​স্পেসএক্সের মালিক ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক মূলত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। ইরানে প্রতিষ্ঠানটির কোনো আনুষ্ঠানিক লাইসেন্স না থাকলেও মাস্ক আগেই নিশ্চিত করেছিলেন যে, সেখানে তাদের সেবা চালু আছে।
 
​এর আগে ইরান অভিযোগ করেছিল, দেশটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার হীন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোপনে এসব ডিভাইস পাচার করছে।
 
​এদিকে নাফতালি বেনেতের এমন প্রকাশ্য মন্তব্যের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় বা স্পেসএক্সের কোনো কর্মকর্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]