ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলন শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান থেকে একটি হাই-স্পিড বা বুলেট ট্রেনে করে তিনি সেখানে পৌঁছান। তাঁর এই সফরে সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর বেইজিং পৌঁছানোর তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এর আগে, এদিন সকাল ১০টায় দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডব্লিউইএফ-এর ‘গ্রীষ্মকালীন দাভোস’ শীর্ষক সম্মেলনে যোগ দেন তিনি।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ নামের এই বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী।
সম্মেলনটিতে বিশ্বের ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। এদের মধ্যে রাজনীতি, ব্যবসা, একাডেমিয়া এবং গণমাধ্যম জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি বিশ্বের অন্যান্য দেশের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সক্ষমতা বৃদ্ধি করাও সম্ভব হবে।
উল্লেখ্য, চীনের এই গুরুত্বপূর্ণ সফরে অংশ নিতে গত ২২ জুন দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।