বিদ্যালয়ের পাঠ্যবইয়ে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা বাদ পড়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ২০২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রমে তাঁর এই সংগ্রামী ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবি’র শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. এ কে এম মাসুদুল হক।
তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সব ধরনের সম্পাদনার কাজ ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়ে গেছে। সময় স্বল্পতার কারণে আগামী বছরের বইয়ে এটি যুক্ত করা সম্ভব হয়নি।
সম্প্রতি বিভিন্ন যোগাযোগমাধ্যম ও পোর্টালে ‘পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা থাকছে না’ মর্মে যে তথ্য ছড়িয়েছে, তা পুরোপুরি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন এনসিটিবি’র এই কর্মকর্তা।
বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে শহীদ ওসমান হাদির নাম ও বীরত্বগাথা অন্তর্ভুক্ত করা হবে।
ঐতিহাসিক ও সাম্প্রতিক আন্দোলনের বীর শহীদ তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধর মতোই একই বিন্যাসে তাঁর জীবন ও আত্মত্যাগ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে।