অবশেষে যুক্তরাষ্ট্রে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যাচ্ছেন ভোজিনহার মা

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন

ভিসা ও আর্থিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা। এর মধ্য দিয়ে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখার দীর্ঘদিনের আক্ষেপ ঘুচতে যাচ্ছে তার।
 

শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভোজিনহার মায়ের ভিসা পাওয়ার এই খবর নিশ্চিত করা হয়েছে।
 

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে চমক দেখায় কেপ ভার্দে। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ৭টি সেভ দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা।
 

তবে এমন ঐতিহাসিক অর্জনের পরও তার মনে বড় একটি আক্ষেপ থেকে গিয়েছিল। ম্যাচ শেষে তিনি গণমাধ্যমকে জানান, ভিসা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি।
 

ভোজিনহার ওই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক সহানুভূতি তৈরি হয়। বিষয়টি নজরে আসার পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি হস্তক্ষেপ করে।
 

জানা যায়, প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম আনা কান্দিদা এভোরার সঙ্গে নিজ থেকে যোগাযোগ করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করে। এরপরই তার যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।
 

সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার মায়ামিতে অনুষ্ঠিতব্য কেপ ভার্দে ও উরুগুয়ের মধ্যকার ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সব ধরনের আইনি নিয়ম মেনেই তার ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।
 

এর আগে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে কেপ ভার্দের নাগরিকদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বড় অঙ্কের বন্ড জমা দেওয়ার নিয়ম ছিল। যদিও বিশ্বকাপের টিকিটধারীদের জন্য পরে সেই শর্ত কিছুটা শিথিল করা হয়।
 

তবুও বিশাল ভ্রমণ ব্যয়ের কারণে শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ভোজিনহার মা এভোরা। তবে এবার সব বাধা পেরিয়ে ছেলের জীবনের সবচেয়ে বড় মঞ্চের লড়াই সামনে থেকে উপভোগ করার সুযোগ পাচ্ছেন তিনি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]