বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুব সংগঠন যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
ঘোষিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জায়গা পেয়েছেন রেজাউল কবীর পল। এছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল।
কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল ইসলাম সোহেলকে (সহ-সভাপতি পদমর্যাদা)। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় আরেক দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন এই কেন্দ্রীয় কমিটিতে মোট ৩০ জনকে সহ-সভাপতি এবং ৩০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটিতে ২৩ জন সহ-সাধারণ সম্পাদক এবং ১৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এর বাইরে বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদসহ মোট ১৫১ জনের নামের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে দলটি।