সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার উৎকর্ষ সাধন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি)। দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকদের নিয়ে এই নতুন প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে আয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত ১৩ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
এই কমিটির অন্য সদস্যরা হলেন—নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল।
এছাড়া সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানব কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলামকেও কমিটিতে রাখা হয়েছে।
কমিটির অপর তিন সদস্য হিসেবে রয়েছেন লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
এদিনের প্রথম বৈঠকে সংগঠনটির একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের ওপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে দ্রুত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও খুব শিগগিরই দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের নিয়ে বড় পরিসরে একটি জাতীয় কনভেনশন আয়োজনের বিষয়েও বৈঠকে একমত হয়েছেন উপস্থিত সম্পাদকেরা।