লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই মোটরসাইকেলের চালক নিহতের ভগ্নিপতি (দুলাভাই) আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরই পালিয়ে গেছে।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চাপারহাট বাইপাস সড়কের জামতলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাতে এ তথ্য জানা গেছে।
নিহত ওই তরুণীর নাম তানিয়া (২০)। তিনি কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
অন্যদিকে, আহত ভগ্নিপতির নাম আব্দুল মমিন। তিনি পেশায় একজন পুলিশ কনস্টেবল এবং আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন কনস্টেবল আব্দুল মমিন। তিনি শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথে জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে সড়কে পড়ে যান।
মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।