টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও দলের নেতৃত্বভার থাকছে মহাতারকা লিওনেল মেসির কাঁধেই।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাওয়া আসন্ন এই বিশ্বমঞ্চের জন্য কাতার বিশ্বকাপজয়ী দলের ওপরই বেশি ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ সালের চ্যাম্পিয়ন দলের ১৭ জন ফুটবলার এবারের স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় স্বাভাবিকভাবেই এই দলে নেই কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার নাম। ফিটনেস সমস্যার কারণে কাতার আসরের আরেক তারকা মার্কোস আকুনিয়াও এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
অন্যদিকে ইনজুরির কারণে গত বিশ্বকাপ মিস করলেও পুনরায় দলে ফিরেছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২০১৮ সালের বিশ্বকাপ দলে থাকলেও সেবার মাঠে নামার সুযোগ পাননি তিনি।
ভবিষ্যতের কথা মাথায় রেখে কোচ স্কালোনি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকেও দলে টেনেছেন। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ এবং থিয়াগো আলমাদাকে।
‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো জর্ডান ও অস্ট্রিয়া।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড একনজরে:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
রক্ষণভাগ: লিওনার্দো বালের্দি, গনসালো মন্তিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
আক্রমণভাগ: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।