রাজধানীর মিরপুরে অধ্যক্ষদের এক সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। শিক্ষাব্যবস্থা নতুন করে গড়ে তুলতে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে শিক্ষার মান কতটা বেড়েছে, সে প্রশ্ন তোলেন তিনি।
প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে বেকারত্বের সম্পর্কও তুলে ধরেন তারেক রহমান। তাঁর মতে, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে দেশে বেকারত্ব কমানো সম্ভব হবে না।
প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত পাঠদান পদ্ধতি বদলাতে হবে। শিক্ষার্থীরা যাতে উদ্ভাবনের সুযোগ পান এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন, সেভাবে শিক্ষাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।