মুরগির দোকান নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:১৭:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:১৮:১১ পূর্বাহ্ন

রাজধানীর ওয়ারীতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ম্যানেজার নাঈমুল ইসলামকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, হোটেলের সামনে ফুটপাতে মুরগির দোকান বসানো নিয়ে পুরোনো বিরোধ ছিল।
 

জাগো নিউজের প্রতিবেদনে স্থানীয় বাসিন্দা ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে হোটেলে হামলা হয়। এর কিছুক্ষণ আগে হোটেলের ফটকের পাশে একটি মুরগি বেঁধে রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল।
 

নাঈমুলের বড় ভাই নাজমুল হুদা দুর্জয় শুক্রবার সন্ধ্যায় ওয়ারী থানায় মামলা করেন। ময়নাতদন্ত শেষে স্বজনেরা নাঈমুলের মরদেহ রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান গ্রামে নিয়ে যান।
 

থানা পুলিশের পাশাপাশি ঘটনাটির ছায়া তদন্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তসংশ্লিষ্ট অন্তত তিন কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন, বিরোধের সূত্রপাত নিয়ে স্থানীয় বাসিন্দাদের বর্ণনার সঙ্গে তাঁদের পাওয়া তথ্যের মিল রয়েছে।
 

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাত ১টার দিকে ফুটপাতের পাইকারি দোকানের খাঁচা থেকে একটি মুরগি ছুটে হোটেলে ঢুকে পড়ে। বিভিন্ন দোকানে অস্থায়ীভাবে কাজ করা এনায়েত ওরফে এ্যানির অনুরোধে হোটেলের এক নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে দেন।
 

এনায়েত মুরগিটি খাঁচায় ফেরত না দিয়ে হোটেলের ফটকের পাশে বেঁধে রাখলে আপত্তি জানান ওই নিরাপত্তাকর্মী। অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে এনায়েত তাঁকে মারধর করেন। হোটেলের কর্মীরা তখন এনায়েতকে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে নিয়ে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
 

রাত পৌনে ২টার দিকে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এলে কর্মীদের সঙ্গে তাঁদের আবার কথা-কাটাকাটি হয়। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, এরপর বাবা ও ছেলে ধারালো অস্ত্র দিয়ে কর্মীদের ওপর হামলা করেন। নাঈমুল ঘটনাস্থলেই মারা যান।
 

হোটেলের আরেক ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরও কয়েকজন কর্মীকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, সিসিটিভির ফুটেজে দুজনকে দেখা গেছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
 

ঘটনাস্থল পরিদর্শনের পর ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, হোটেলের সিসিটিভি ক্যামেরার রেকর্ডার জব্দ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
 

স্থানীয় বাসিন্দা ও হোটেলের কয়েকজন নিরাপত্তাকর্মী জানান, কাপ্তান বাজার থেকে হেঁটে হোটেলটিতে পৌঁছাতে তিন থেকে চার মিনিট লাগে। রাতে বাজারের অস্থায়ী পাইকারি মুরগির দোকান হোটেলের সামনেসহ আশপাশের ফুটপাতেও বসে।
 

গত মার্চে ঢাকা মহানগর পুলিশের তৈরি তালিকায় কাপ্তান বাজার এলাকার ফুটপাতের অবৈধ মুরগির দোকানগুলোকে চাঁদাবাজির একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। তালিকার তথ্য অনুযায়ী, এসব দোকান থেকে দৈনিক অন্তত চার লাখ টাকা চাঁদা ওঠে। তবে এই হত্যার সঙ্গে চাঁদাবাজির কোনো যোগসূত্রের কথা তদন্তকারীরা জানাননি।
 

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com