মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে অভিন্ন অবস্থান তুলে ধরেছে বলে জানিয়েছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। তিন দেশ যৌথ প্রতিরক্ষার অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করেছে।
শনিবার (২৮ নভেম্বর) আলজাজিরার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগত কমিটির দ্বিতীয় বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন খালিদ বিন সালমান। সেখানে তিনি সদস্যদেশগুলোর অবস্থান ব্যাখ্যা করেন।
সৌদি প্রতিরক্ষামন্ত্রীর মতে, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে তিন দেশের একসঙ্গে কাজ করে যাওয়া জরুরি। তিনি জানান, রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে বৈঠকে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, মক্কা চুক্তির আওতায় সম্মিলিত প্রতিরক্ষা কার্যক্রম কতটা এগিয়েছে, তা পর্যালোচনা করেছে তিন দেশ। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে চুক্তিতে দেওয়া প্রতিরক্ষা অঙ্গীকারগুলো বাস্তবায়নের বিষয়টি।