কয়েক ক্যান বিয়ারের কারণে উড়োজাহাজ জব্দ, বিচার চাইতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পাইলট

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন

আলাস্কায় এক যাত্রীর লাগেজে বিয়ার পাওয়ার ঘটনায় নিজের উড়োজাহাজ হারিয়েছেন অবসরপ্রাপ্ত পাইলট কেন জুপ্পি। অপরাধের তুলনায় এত দামি উড়োজাহাজ জব্দ করা মাত্রাতিরিক্ত শাস্তি কি না, সেই প্রশ্ন এখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে।
 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ ডিসেম্বর) মামলাটির শুনানি করবেন সুপ্রিম কোর্টের নয় বিচারপতি। জুপ্পির বয়স এখন ৮৩ বছর। তাঁর উড়োজাহাজটি জব্দ করা হয়েছিল ২০১২ সালে।
 

ওই বছরের এপ্রিলে আলাস্কার ফেয়ারব্যাংকস থেকে যাত্রী নিয়ে বিভার গ্রামের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জুপ্পি। প্রায় ৫০ জনের ওই প্রত্যন্ত গ্রামে অ্যালকোহল বিক্রি, বাইরে থেকে আনা ও সঙ্গে রাখা নিষিদ্ধ।
 

উড্ডয়নের আগে রাজ্য পুলিশ উড়োজাহাজে তল্লাশি চালায়। এক যাত্রীর লাগেজে তিন কেসে মোট ৭২ ক্যান বিয়ার পায় পুলিশ, যার পরিমাণ ছিল প্রায় ৯ গ্যালন।
 

জুপ্পির বক্তব্য, যাত্রীর গোপনীয়তার কথা বিবেচনা করে তিনি কারও লাগেজ তল্লাশি করেন না এবং সেদিন বিয়ারও তাঁর চোখে পড়েনি। পুলিশের ভাষ্য, একটি প্লাস্টিকের ব্যাগে অন্তত ছয়টি বিয়ারের ক্যান স্পষ্ট দেখা যাচ্ছিল।
 

নিষিদ্ধ এলাকায় জেনেশুনে অ্যালকোহল পরিবহনের দায়ে আদালত জুপ্পিকে দোষী সাব্যস্ত করেন। তাঁকে ও তাঁর প্রতিষ্ঠানকে ৩ হাজার ডলার জরিমানা করা হয়। জুপ্পিকে তিন দিনের কারাদণ্ডও দেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাঁকে কারাগারে যেতে হয়নি।
 

আলাস্কার আইনে জব্দ করা উড়োজাহাজটি ছিল ১৯৬৯ সালের একটি সেসনা ইউ২০৬ডি। নিম্ন আদালত সেটির মূল্য ধরেছিলেন ৯৫ হাজার ডলার। জুপ্পির হিসাবে, এর বর্তমান মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার।
 

২০২৫ সালে আলাস্কার সুপ্রিম কোর্ট উড়োজাহাজ জব্দের সিদ্ধান্ত সাংবিধানিক বলে রায় দেন। রাজ্যের সর্বোচ্চ আদালতের যুক্তি ছিল, প্রত্যন্ত গ্রামগুলোতে অ্যালকোহলের অপব্যবহারে জনস্বাস্থ্যের যে ক্ষতি হয়, তাতে নিষেধাজ্ঞা ভেঙে ছয় ক্যান বিয়ার আনাও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
 

জুপ্পির আইনজীবীদের যুক্তি, এই অপরাধের শাস্তি হিসেবে উড়োজাহাজটি নিয়ে নেওয়া তার গুরুত্বের তুলনায় মাত্রাতিরিক্ত। তাঁদের দাবি, এতে যুক্তরাষ্ট্রের সংবিধানের অষ্টম সংশোধনীতে অতিরিক্ত জরিমানার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে।
 

আলাস্কা কর্তৃপক্ষের বক্তব্য, অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দ করার ক্ষমতা রাজ্যের রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এ মামলায় রাজ্যের অবস্থান সমর্থন করেছে।
 

জুপ্পির পক্ষে মামলা পরিচালনা করছে অলাভজনক সংস্থা ইনস্টিটিউট ফর জাস্টিস। সংস্থাটির আইনজীবী স্যাম গেজের মতে, সুপ্রিম কোর্ট জুপ্পির পক্ষে রায় দিলে অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা সম্পদ ফেরত চাওয়ার পথ সহজ হতে পারে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com