নরসিংদীর পলাশে একটি কলাবাগানে গণপিটুনিতে জালাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়েছিলেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওসির ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে জালালকে দেখতে পান। পরে তাঁকে পিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জালাল নোয়াকান্দা গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। ওসি জানান, জালালের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা ছিল। পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশের ভাষ্য, কারাগার থেকে পালানোর পর জালাল এলাকার বাইরে থাকতেন, তবে মাঝেমধ্যে এলাকায় আসতেন। ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানিয়েছেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।