কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে বৈশ্বিক নীতিমালা ও তদারকি কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার (২৩ নভেম্বর) বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে আয়োজিত এআই নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে আলজাজিরা।
গুতেরেস বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় এমন একটি আন্তর্জাতিক কাঠামো প্রয়োজন, যেখানে বিশ্বের সব দেশের অংশগ্রহণ নিশ্চিত হবে। এ কাঠামোর আওতায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পাশাপাশি কার্যক্রম তদারকিতে স্বাধীন ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা থাকতে হবে।
জাতিসংঘ মহাসচিব হিসেবে চলতি বছরের ডিসেম্বরে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদের শেষ পর্যায়ে এসে উন্নত প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়ে আরও জোরালো অবস্থান নিয়েছেন তিনি।
গুতেরেসের আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে ‘ঘাতক রোবট’ বাস্তবে পরিণত হতে পারে।
বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে অনুষ্ঠিত ‘ব্রিজটাউন বিশেষ এআই নিরাপত্তা সম্মেলনে’ তিনি বর্তমান বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
গুতেরেসের মতে, বৈশ্বিক শাসনব্যবস্থার অনেক প্রতিষ্ঠান এখনো ১৯৪৫ সালের বাস্তবতাকে সামনে রেখে পরিচালিত হচ্ছে। বর্তমান বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য আনতে এসব প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন।
এ ক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক কাঠামো ও বিশ্ব বাণিজ্যব্যবস্থায়ও পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন তিনি।
নতুন বছরের শুরুতে জাতিসংঘের নতুন মহাসচিব দায়িত্ব নেবেন। তবে এখনো তাঁর উত্তরসূরি নির্বাচন করা হয়নি।
গুতেরেস জানিয়েছেন, উত্তরসূরিকে তিনি পরামর্শ দেবেন, মানবজাতির নিজেদের ভবিষ্যৎ ও পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।
তবে এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিবিধান তৈরির পথ এখনো কঠিন বলে মনে করা হচ্ছে। এ প্রযুক্তির উন্নয়ন ও গবেষণায় এগিয়ে থাকার প্রতিযোগিতায় রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক প্রভাব বিস্তারের লক্ষ্যে দেশ দুটি নিজেদের মধ্যে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। ফলে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় সব দেশের অংশগ্রহণে একটি সমন্বিত আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।