চলতি বছর ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে দেশটির সেনাবাহিনীতে আত্মহত্যার এ সংখ্যা সর্বোচ্চ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করা ২৩ জনই ২০২৬ সালে ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এ ছাড়া গাজায় ইসরাইলের যুদ্ধের সময় নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন।
একই সময়ে ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।
যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ জন সেনা আত্মহত্যা করতেন। চলতি বছরের ২৩ জনের সংখ্যা সেই গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সাম্প্রতিক এ পরিসংখ্যান ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতার চিত্র তুলে ধরেছে।