জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৭:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৯:১৬ পূর্বাহ্ন

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু হচ্ছে। এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে।
 

মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে যুক্তিতর্কের পুরো কার্যক্রম বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
 

এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি ট্রাইব্যুনালে সরাসরি উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন।
 

গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত বিভিন্ন নথি ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।
 

সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে ওই আইনজীবীকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
 

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
 

প্রসিকিউশনের পক্ষ থেকে জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে তাঁর সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
 

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
 

তৃতীয় অভিযোগে একই সময়ের মধ্যে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
 

এসব অভিযোগে করা মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

এর আগে ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com