লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন

লিবিয়ার বেনগাজি বন্দরে অবস্থানরত রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য ইউক্রেনের নিরাপত্তা সংস্থাকে (এসবিইউ) দায়ী করা হয়েছে।
 

রোববার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় রুশ নৌবাহিনীর ‘মেরকুরি’ নামের একটি করভেট যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, জাহাজটির বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে গেছে। শুধু সামনের দিকের কিছু অংশ পানির ওপরে দেখা যাচ্ছিল। হামলায় রুশ ও লিবীয় নাগরিকসহ অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানিয়েছে, রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য যুদ্ধজাহাজটি বেনগাজি বন্দরে অবস্থান করছিল। হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, লিবিয়ার ভূখণ্ড ও বন্দরকে আন্তর্জাতিক সংঘাতের ময়দান হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
 

এদিকে, একই দিন বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোনবোট দিয়ে হামলা চালানো হয়। লিবীয় নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। এ ছাড়া উপকূলের কাছে ২০টির বেশি ড্রোনবোট প্রতিহত করার দাবি করেছে দেশটির সামরিক সূত্র।
 

অন্যদিকে, বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার রাশিয়ার ‘স্পার্টা-২’ কার্গো জাহাজে রোববারও ধোঁয়া দেখা গেছে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, জাহাজটির দৃশ্যমান আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কনটেইনারগুলো ঠান্ডা করা এবং জাহাজের স্থিতিশীলতা নিশ্চিত করার কাজ চলছিল।
 

ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, শনিবারের হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে। আন্তর্জাতিক জলসীমায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। পরে জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com