চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:১১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:১১:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা তৈরির একটি মেশিন, কাঁচামাল ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
 

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য জানান। পুলিশের ভাষ্য অনুযায়ী, ইউটিউবের ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন আকিব।
 

গ্রেপ্তার আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকার জাহাঙ্গীর আলম ও রুবি আক্তার দম্পতির ছেলে। তিনি হাটহাজারী উপজেলার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় একটি ভাড়া বাসায় থাকতেন।
 

পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার পিএসআই প্রসেনজিৎ বড়ুয়ার নেতৃত্বে একটি টহল দল কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি ফিলিং স্টেশনের সামনে আকিবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে দুটি ইয়াবা উদ্ধার করা হয়।
 

ঘটনাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পর এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল সেখানে যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব তাঁর ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান বলে দাবি পুলিশের।
 

পরে আকিবকে সঙ্গে নিয়ে সাজেদা ম্যানশনের ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা তৈরিতে ব্যবহারের জন্য রাখা কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল জব্দ করা হয়েছে। বড়ির নির্দিষ্ট আকার তৈরিতে ব্যবহৃত একটি স্লাইড ক্যালিপার্সও উদ্ধার করে পুলিশ।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, ইউটিউবের ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তা নিয়ে ইয়াবা তৈরির ফর্মুলা ও পদ্ধতি সম্পর্কে ধারণা নেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে এনে ভাড়া বাসায় স্থাপন করেন। পুলিশের দাবি, সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন তিনি।
 

এ ঘটনায় আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, শনিবার সন্ধ্যায় কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com