গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:৫৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:৫৮:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত পাঁচ দিনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং ভিডিও বার্তার মাধ্যমে তারা এ ঘোষণা দেন।
 

১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে দেওয়া এসব ঘোষণার পেছনে অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, তাঁদের অজান্তেই দলীয় পদ দেওয়া হয়েছিল। অন্যদিকে, এনসিপির এক নে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
 

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়। পদত্যাগের ঘোষণা দেওয়া ১৫ জনের মধ্যে একজন ছাড়া বাকি ১৪ জনই এসব ঘটনার পর পদত্যাগের কথা জানান।
 

স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।
 

এরপর ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ এবং উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির।
 

এ ছাড়া পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসুও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
 

অন্যদিকে, গত পাঁচ দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের কথা জানান গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।
 

এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ওই বার্তায় তিনি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেন।
 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের এক নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি ফেসবুকে পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ওই নেতা কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের সাংগঠনিক ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
 

এদিকে, এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ফোন ধরলেও ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে কল কেটে দেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com