দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।
রোববার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। এনসিপির রাজনৈতিক পরিষদের একজন সদস্যও সংলাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির ওই নেতা জানিয়েছেন, রাজনৈতিক ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক উদ্যোগে তাঁদের সমর্থন থাকবে। তবে সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে দলটি নিজেদের অবস্থানে অনড় থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতিরোধের প্রশ্নে তাঁদের অবস্থান ইতিবাচক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলার বিষয়ে তাঁদের আলোচনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা জানান, ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা দুটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তোলা।
ওই নেতার ভাষ্য, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মনে করেন জামায়াতের আমির।
তবে জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই বৈঠকের তারিখ জানানো হতে পারে।
তিনি আরও জানান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরবেন। এরপর যেকোনো সময় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও লক্ষ্যবস্তু করে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
অভিযোগের তালিকায় রয়েছে বিভিন্ন পুলিশ স্টেশন এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা।
এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব হামলার সময় কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব সহিংসতার ঘটনায় বিএনপির তিন নেতা ও দুই বাস কন্ডাক্টরসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: ডেইলি ওয়াদা