দেশের বাজারে টানা নয় দফা কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ দর সমন্বয়ের পর রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী এ দাম কার্যকর রয়েছে। এর আগের দিন শনিবার রাতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় সংগঠনটি।
সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়। নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত এই দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকায়।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
এ ছাড়া ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
সংগঠনটির নিয়ম অনুযায়ী, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো স্বর্ণের অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে।