রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি কমলা ও আপেল আমদানিতে মোট করভারও প্রায় অর্ধেক কমানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এ পণ্যের ওপর শুল্ক ছিল ২৫ শতাংশ।
এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কমলা (মাল্টা) ও আপেল আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে। এ সময় এই দুই ফলের মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
এদিকে, বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
খসড়া অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতিটি কর মেয়াদ শেষে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করার প্রস্তাব করা হয়েছিল। এতে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান রাখা হয়।
তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
সংসদের অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি সংবিধানের ১৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে পরিণত করার লক্ষ্যে সংশোধনী আইনের খসড়া তৈরি করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।