শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন ১৮ প্লাটুন বিজিবি সদস্য।
এ ছাড়া গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এসব এলাকার মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা।
অন্যদিকে, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে দায়িত্ব পালন করছেন আরও ৭ প্লাটুন বিজিবি সদস্য। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
এই নজরদারিতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ ব্যবহার করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।