বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন আরও ৭০ বাংলাদেশি। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের অংশ হিসেবে তাদের সাক্ষাৎকারের জন্য মনোনীত করেছে বোয়েসেল।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে ৭০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বোয়েসেল সূত্রে জানা গেছে, ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়ে ৪ হাজার ২৯টি।
আবেদনকারীদের মধ্য থেকে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিক পর্যায়ে ৩০০ জনকে বাছাই করা হয়। তবে তাঁদের মধ্যে অনেকেই নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হননি।
এ কারণে শূন্য পদ পূরণে দ্বিতীয় দফায় লটারি করা হয়। এতে নতুন করে আরও ৭০ জনকে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সব আবেদনকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করছে বোয়েসেল। সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা যাচাইয়ের পর চূড়ান্ত কর্মী নির্বাচন করা হবে।
উল্লেখ্য, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশ যেতে কর্মীদের অভিবাসন ব্যয়ের চাপ কমবে।