গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই উপজেলায় যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি একপর্যায়ে নিলফা বাজারে গেলে সেখানে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়।
এ সময় কার্যালয়টিতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
অন্যদিকে, উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও হামলা চালানো হয়। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি জানতে পেরেছেন।