ইসলামী বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। একই সঙ্গে সংগঠনটিকে বেআইনি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগের দিন শুক্রবার প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারায় দেওয়া ক্ষমতাবলে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। সংগঠনটির ওপর আগের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
ভারত সরকার প্রথম ২০১৬ সালের নভেম্বরে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে ২০২১ সালের নভেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।
আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইব্যুনালে বহাল রাখা হয়েছিল। ২০১৭ সালের মে ও ২০২২ সালের মার্চে ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে অভিযোগ করা হয়েছে, আইআরএফ এবং এর সদস্যরা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও অসন্তোষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করে আসছেন। এ কর্মকাণ্ডে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আবদুল করিম নায়েকের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
ভারত সরকারের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা প্রয়োজন।
সূত্র: এনডিটিভি