পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে জারিয়াব ও আবু বকরের প্রেমের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে শেষ দৃশ্যে ক্যানসারের ওষুধের উপস্থিতি গল্পে তৈরি করেছে নতুন রহস্য।
উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ধারাবাহিকটি নিয়ে পাকিস্তানের দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রতি সপ্তাহে দুই প্রধান চরিত্রের সম্পর্কের পরিণতি জানতে অপেক্ষায় থাকেন দর্শকেরা।
ধারাবাহিকটির ৩০তম পর্বে অবশেষে নিজের মনের কথা প্রকাশ করেন আবু বকর। তিনি জানান, জারিয়াবকে সব সময়ই ভালোবেসেছেন এবং প্রথম দেখার দিন থেকেই জারিয়াব তাঁর জীবনের বিশেষ অংশ হয়ে উঠেছেন।
আবু বকরের এমন স্বীকারোক্তিতে আবেগাপ্লুত হয়ে পড়েন জারিয়াব। তাঁদের এই আবেগঘন দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসা পেয়েছে। অনেক দর্শকই মুহূর্তটিকে ধারাবাহিকটির অন্যতম সেরা রোমান্টিক দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন।
তবে প্রেমের এই আবহের মধ্যেই পর্বের শেষ দৃশ্যে দেখা যায় ভিন্ন এক চিত্র। আবু বকরের বাড়িতে ক্যানসারের ওষুধের উপস্থিতি দর্শকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা জানতে চাইছেন, আবু বকর নিজেই ক্যানসারে আক্রান্ত, নাকি তাঁর মা এই রোগে ভুগছেন। তবে এ বিষয়ে ধারাবাহিকের গল্পে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পর্বটি প্রচারের পর দর্শকদের নানা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে অনলাইনে। একজন দর্শক মন্তব্য করেন, গল্পের শুরু হয়েছিল ‘সি’ দিয়ে কনফেশন বা ভালোবাসার স্বীকারোক্তিতে, আর শেষ হয়েছে ‘সি’ দিয়ে ক্যানসারের ইঙ্গিতে।
অন্য এক দর্শক আবু বকরের প্রেমের স্বীকারোক্তির প্রশংসা করেন। আবার শেষ দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করে কেউ কেউ গল্পটি যেন বিয়োগান্তক পরিণতির দিকে না যায়, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
প্রেমের স্বীকারোক্তির আনন্দের পর ক্যানসারের ওষুধ ঘিরে তৈরি হওয়া রহস্য এখন ধারাবাহিকটির দর্শকদের নতুন করে আলোচনায় রেখেছে। আবু বকরের বাড়িতে ওষুধটির উপস্থিতির প্রকৃত কারণ জানতে পরবর্তী পর্বের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।