কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পদ্মকোট বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে মামলা, হামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও যাঁরা দলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন, নতুন কমিটিতে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে জসিম উদ্দিন ও মো. শাহ আলমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগে কিছু ব্যক্তি দলে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে তাঁদের ভূমিকা না থাকলেও কী বিবেচনায় তাঁরা কমিটিতে স্থান পেয়েছেন, সে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।
২০১৬ সালের নির্বাচন ঘিরে পুরোনো রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দেওয়া তথ্য এবং তাঁদের সংরক্ষণে থাকা একটি নির্বাচনী পোস্টার অনুযায়ী, ২০১৬ সালে ১০ নম্বর বনকোট/গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন। সে সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন মোজাফফর আহমেদ।
এ ছাড়া মনজুল হক সরকার, তৎকালীন যুবদল সভাপতি মো. মাসুদ রানা, বিএনপি নেতা শামীম সরকার এবং ছাত্রদল সভাপতি মোহাম্মদ জিয়ার রাজনৈতিক ভূমিকা নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ২০১৬ সালের নির্বাচন ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জসিম উদ্দিনের সঙ্গে তাঁর বাড়িতে আলোচনার সময় তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্য এফ এম ফখরুল ইসলাম মুন্সী এবং তৎকালীন সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফখরুলের বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানিয়েছিলেন।
অভিযোগকারীদের দাবি, ওই সময় বিএনপি নেতাদের উদ্দেশে জসিম উদ্দিন বলেছিলেন, তাঁকে নিয়ে চিন্তার প্রয়োজন নেই; তিনি ফখরুল মুন্সী ও রাজু মুন্সীর লোক এবং চেয়ারম্যান হবেন। বিএনপির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন বলে তাঁদের অভিযোগ।
এ ছাড়া তৎকালীন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার ও হাকিম চেয়ারম্যানের রাজনৈতিক বলয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের প্রশ্ন, অতীতে অন্য রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা একজন ব্যক্তি কীভাবে বর্তমানে ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।
২০০১ সালের অভিযোগ সামনে আনলেন সাবেক বিএনপি নেতা
জসিম উদ্দিনের অতীত কর্মকাণ্ড নিয়ে ২০০১ সালের একটি অভিযোগও সামনে এনেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি দুলাল সরকার। তাঁর দাবি, ওই বছর যুবদলের সভাপতি পদপ্রার্থী থাকাকালে পদ্মকোট বাজারে এক নারীর সঙ্গে আপত্তিকর পরিস্থিতিতে জসিম উদ্দিন আটক হয়েছিলেন।
এ ঘটনার কারণেই সে সময় তাঁকে যুবদলের কোনো পদে রাখা হয়নি বলে দাবি করেন দুলাল সরকার। তবে এসব অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
নতুন কমিটি গঠনে ব্যক্তিগত পছন্দ, স্বজনপ্রীতি ও অর্থের প্রভাব থাকার অভিযোগও তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ের রাজনৈতিক প্রতিকূলতায় যাঁদের সক্রিয় ভূমিকা ছিল না, তাঁদের কেউ কেউ ৫ আগস্টের পর গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।
এ ছাড়া কমিটিকে ‘জামাই-শ্বশুরের কমিটি’ আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীদের কেউ কেউ। তাঁদের দাবি, নবগঠিত কমিটিতে জামাই ও শ্বশুর দুজনই যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ব্যক্তিগত পছন্দ বা প্রভাব খাটিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।
তাঁরা আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ অবস্থায় বিতর্কিত কমিটি বহাল থাকলে নির্বাচনে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে তদন্তের দাবি
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া মুন্না মেম্বার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুর রশিদ এবং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
তাঁরা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
নেতাকর্মীদের দাবি, নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক অতীত এবং তৃণমূলের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা যাচাই করতে হবে। একই সঙ্গে বর্তমান কমিটি বাতিল করে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
বিক্ষোভকারীদের ভাষ্য, তাঁদের আন্দোলন পদ-পদবি পাওয়ার জন্য নয়; বরং দলের সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের ত্যাগের যথাযথ মূল্যায়নের দাবিতে। তাঁদের মতে, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হলে ভবিষ্যতে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।