রাজশাহীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) গাজিউর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত সোয়া ১২টার দিকে নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরপর দুটি ককটেল ছোড়া হলে এর একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটান। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।
মামলার আসামি হিসেবে গত মঙ্গলবার শুভ কুমার মণ্ডল ও নাহিদ হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে আটকে রাখেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে পুলিশ সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করে।
শুভ কুমার মণ্ডল (২৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াঘাট গ্রামের কংকর মণ্ডলের ছেলে। নাহিদ হাসান (২৬) নড়াইলের কালিয়া থানার বড় কালিয়া গ্রামের মোহাম্মদ আকসির আহমেদের ছেলে।
এদিকে, একই মামলার আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফকে (২২) গত ১০ নভেম্বর বিকেলে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি রাজশাহী মহানগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রামের আনিসুর রহমান দুলালের ছেলে।