পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিম পাকিস্তানের কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের একটি দল। পথে তাদের গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা।
হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।
এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।
এদিকে, গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।
বৈশ্বিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য বলছে, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে পাকিস্তানে ৬৫৮টি সন্ত্রাসী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা ২০২২ সালের তুলনায় প্রায় চার গুণ।