জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল ও প্রধান বিরোধী দল—কেউই যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সামান্তা শারমিন অভিযোগ করেন, নুসরাতের বাড়ি এবং তাঁদের আদরের ‘তারা’কে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে। তাঁর ভাষ্য, সংসদ সদস্য বা এনসিপি নেতা হওয়ার কারণে নয়, বরং জুলাইয়ের সমন্বয়ক হিসেবে পরিচিতির কারণেই তাঁদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি আরও লেখেন, নুসরাত বা হাসিবদের এই পরিচয় শুধু আওয়ামী লীগের কাছেই আতঙ্কের—এমনটা মনে করার কারণ নেই।
পোস্টের আরেক অংশে সামান্তা শারমিন বলেন, জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারি দল এবং প্রধান বিরোধী দল—সবাই দায় এড়িয়ে গেছে।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান রক্ষায় ২০২৪ সালের অভ্যুত্থানের পর ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা আছে কি না, তা এখন প্রমাণ করার সময় এসেছে।