যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং বিরোধ নিরসনে সরাসরি বৈঠকের উদ্যোগ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য আলোচনায় দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সমঝোতা বা চুক্তির বিষয়ে আলোচনা করতে চায় ওয়াশিংটন।
 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
 

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যান্সের মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আগ্রহী। তবে সম্ভাব্য বৈঠক নিয়ে দুই পক্ষের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব মোহসেন রেজাইকে বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছিলেন ভ্যান্স। পরবর্তী পদক্ষেপ নির্ধারণে দুই দেশই মধ্যস্থতাকারী ও মিত্রদের সঙ্গে আলোচনা করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।
 

তবে রেজাই আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি এ ধরনের উদ্যোগকে ‘কাল্পনিক আলাপ’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ইরান তার সমৃদ্ধ পারমাণবিক উপাদানের সামান্য অংশও দেশ থেকে সরাবে না বলে জানিয়েছেন।
 

এদিকে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের পরাজয়ের পর ভ্যান্স দলটির খারাপ ফলাফলের জন্য অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করেছেন।
 

ইরানি কর্মকর্তাদের ধারণা, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় তেহরানকে ওয়াশিংটনের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরার সুযোগ তৈরি করেছে। এসব দাবির মধ্যে রয়েছে অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের এসব দাবিকে অবাস্তব বলে মন্তব্য করেছেন।
 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তেজনা কমাতে দুই পক্ষের মধ্যস্থতাকারীরা একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরিগুলো ইরান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে এবং দেশটির বন্দরগুলোর ওপর থেকে অবরোধ শিথিল করবে। এর বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে ২৫টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়ার কথা রয়েছে ইরানের।
 

তবে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান ইরানি কূটনীতিকেরা। তাদের আশঙ্কা, সমঝোতা হলেও ট্রাম্প পরবর্তী সময়ে ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারেন। গত সোমবার ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে সামরিক অভিযান চালানোর মতো পর্যাপ্ত অস্ত্রশস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
 

অন্যদিকে, মার্কো রুবিও ও হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার ইরানকে ছাড় দিতে রাজি নন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত দেশটির ওপর চাপ অব্যাহত রাখার পক্ষে তারা।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com