ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার

আপলোড সময় : ১১-১১-২০২৬ ১১:২২:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ১১:২৭:৫৭ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সারিবদ্ধভাবে রাখা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
 

জেলা পুলিশের তথ্যমতে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে একাধিক আগ্নেয়াস্ত্র সারিবদ্ধভাবে সাজিয়ে প্রদর্শন করতে দেখা যায়। ভিডিওতে তাঁকে অন্য একজনকে ভয়ভীতি দেখানো ও হুমকি দিতেও দেখা গেছে।
 

ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস এবং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তদন্তের একপর্যায়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।
 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছেন, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‌্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

জিজ্ঞাসাবাদে শাওন আরও জানিয়েছেন, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথনও অডিওতে রেকর্ড করে রাখতেন।
 

পুলিশের দাবি, এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করতেন শাওন।
 

রাউজান থানায় তাঁর বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ত্রের উৎস, চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগী এবং অন্যান্য অপরাধের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com