যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৫৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৫৭:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক অভিবাসী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছেন বাংলাদেশি সাইফুল ইসলাম (৩৯)। এ ঘটনায় তাঁর অন্তত তিন বছরের কারাদণ্ড হতে পারে।
 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পর সোমবার দেশটির একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন সাইফুল।
 

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করতেন তিনি। এ কাজে একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন সাইফুল। চক্রটির অন্য সদস্যদেরও অভিবাসীদের যাতায়াতের ব্যবস্থা করে দিতেন তিনি।
 

আদালতের নথির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাচারকারীরা কলম্বিয়ার উপকূলীয় অঞ্চল থেকে ঝুঁকিপূর্ণ নৌযানে করে অভিবাসীদের যাত্রা করাতেন। এসব নৌযানের কয়েকজন চালক মদ্যপ অবস্থায় থাকতেন। অন্যদিকে, কিছু অভিবাসীকে বিপজ্জনক দারিয়েন গ্যাপ এলাকা পায়ে হেঁটে পাড়ি দিতে হতো।
 

অভিবাসীদের পরিচয় আড়াল করতেও নানা কৌশল নেওয়া হয়েছিল। এ জন্য কয়েকজনকে অন্য ব্যক্তির পরিচয়পত্র দেওয়া হয়। পরে তাঁদের যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছে রিও গ্রান্ডে নদী পার হয়ে অথবা সীমান্তের বেড়া অতিক্রম করে দেশটিতে প্রবেশের নির্দেশ দেওয়া হতো।
 

যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে কয়েকজন অভিবাসী সাইফুলকে হাজার হাজার ডলার দিয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
 

সাইফুল একটি ষড়যন্ত্রের মাধ্যমে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করানোর অভিযোগে দোষ স্বীকার করেছেন। পাশাপাশি বাণিজ্যিক সুবিধা ও আর্থিক লাভের উদ্দেশ্যে দুজন অভিবাসীকে দেশটিতে প্রবেশ করানোর দায়ও স্বীকার করেন তিনি। পাচার হওয়া অভিবাসীদের কাছ থেকে পাওয়া অর্থ বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন সাইফুল।
 

আগামী ১৭ ফেব্রুয়ারি তাঁর সাজা ঘোষণা করার কথা রয়েছে। তবে কারাদণ্ডের মেয়াদ কত হবে, তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক। এ ক্ষেত্রে দেশটির সাজা নির্ধারণসংক্রান্ত নির্দেশিকা ও প্রাসঙ্গিক আইনি বিষয় বিবেচনায় নেওয়া হবে।
 

এর আগে ২০২৬ সালের এপ্রিলে ব্রাজিল থেকে সাইফুলকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
 

মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) ফিনিক্স কার্যালয়। তদন্তে এইচএসআইয়ের লারেডো, ব্রাসিলিয়া ও বোগোতা কার্যালয়সহ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও কলম্বিয়ার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং ইন্টারপোল সহায়তা করেছে।
 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের যৌথ উদ্যোগ ‘জয়েন্ট টাস্ক ফোর্স আলফা’ (জেটিএফএ) মামলাটির তদন্তে সহায়তা করেছে। আন্তর্জাতিক অভিবাসী ও মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কাজ করে সংস্থাটি।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : shokolshongbad@gmail.com