দেশের প্রতিটি জেলায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ বাধ্যতামূলক করেছে সরকার। এসব ভিডিও সংরক্ষণ করে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। পাশাপাশি কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা বাড়াতে গঠন করা হবে মিডিয়া সেল।
মন্ত্রিপরিষদ বিভাগের গত ১ ও ২ নভেম্বর জারি করা পৃথক দুটি পরিপত্রে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্ম সচিব তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, মোবাইল কোর্টের দণ্ডাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময় জজ আদালতে আপিল করা হয়। এ ক্ষেত্রে অভিযানের ভিডিও সংরক্ষিত থাকলে তা প্রয়োজন অনুযায়ী আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে।
তিনি জানান, সাক্ষ্য আইনে সংশোধনীর মাধ্যমে ডিজিটাল কনটেন্টকে সাক্ষ্য হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। যথাযথ সাক্ষ্য-প্রমাণের অভাবে যাতে অপরাধীরা খালাস না পায়, সে বিষয়টি বিবেচনায় রেখেই ভিডিও ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তানভীর আহমেদের ভাষ্য, এসব ভিডিও ভবিষ্যতে মোবাইল কোর্টের কার্যক্রম পর্যালোচনা, প্রতিবেদন, তথ্যচিত্র ও প্রামাণ্য দলিল তৈরিতেও কাজে আসবে। জনসচেতনতা বাড়াতে বিভিন্ন অভিযানের ভিডিও প্রচারের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের খবর ও ভিডিও প্রকাশ করা হলে মানুষ জানতে পারবে কোন কাজগুলো অপরাধ এবং কোথায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযোগ জানানো যায়।
তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও চেহারা প্রকাশের বিষয়ে আলাদা করে আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান এই কর্মকর্তা। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালাসহ প্রচলিত নির্দেশনা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আপিল আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপনের জন্য ভিডিও সম্পাদনার সুযোগ থাকবে না বলেও জানিয়েছেন তানভীর আহমেদ। আদালতে দাখিলের সময় ভিডিওর মূল রূপ বজায় রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষণ হবে ভিডিও
পরিপত্র অনুযায়ী, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। মামলার নম্বর ও তারিখ অনুসারে ভিডিওগুলো জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া ধারণ করা ভিডিওর একটি কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট মিডিয়া সেলের কাছে। কোনো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী ওই ভিডিও আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে।
জব্দ মালামাল রাখতে হবে নির্ধারিত স্থানে
মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা মালামাল সংরক্ষণে পৃথক ব্যবস্থার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে এসব মালামাল রাখার জন্য নিরাপদ কক্ষ বা স্থান নির্ধারণ করতে হবে।
মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের দায়িত্ব নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দিতে হবে। এ জন্য একটি রেজিস্টার রাখতে হবে, যেখানে মামলা নম্বর, তারিখ, ম্যাজিস্ট্রেটের নাম, জব্দ করা মালামালের বিবরণ এবং নিষ্পত্তি বা হস্তান্তরের তথ্য লিপিবদ্ধ থাকবে।
দায়িত্বপ্রাপ্ত কর্মচারী প্রতিটি তথ্যের পাশে স্বাক্ষর করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা মাসে অন্তত একবার সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন।
তবে পচনশীল বা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, এমন মালামাল দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সেগুলো নিষ্পত্তি করতে হবে।
আপিল মামলা পরিচালনায় নির্ধারিত হবেন সরকারি আইনজীবী
মোবাইল কোর্টের দণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলা পরিচালনায় জেলা পর্যায়ে সরকারি আইনজীবীদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটরের (পিপি) সঙ্গে আলোচনা করে পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত আইনজীবী নির্বাচন করবেন।
জেলা ম্যাজিস্ট্রেটের আপিল আদালত ও দায়রা জজ আদালতে এসব মামলা পরিচালনা করবেন তাঁরা। দায়িত্ব বণ্টনের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে এবং আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা ও আইন ও বিচার বিভাগে পাঠাতে হবে।
দায়িত্বপ্রাপ্ত আইনজীবীদের মামলার অগ্রগতি সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে অবহিত করতে হবে। অন্যদিকে, সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযানের ভিডিও সরবরাহ করতে হবে।
মোবাইল কোর্টের সহকারীদের প্রশিক্ষণ
মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয়সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানেরা তাঁদের নির্বাচন করবেন।
পরিপত্রে বলা হয়েছে, বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে এসব কর্মচারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের তালিকাও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
প্রতি জেলায় গঠন হবে মিডিয়া সেল
মোবাইল কোর্টের কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দেশের প্রতিটি জেলায় একটি করে মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের আহ্বায়ক হবেন। জেলা তথ্য কর্মকর্তা বা সহকারী জেলা তথ্য কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জেএম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
মিডিয়া সেল মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। পরে সেগুলো প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে।
এ কাজে জেলার অন্যান্য কর্মকর্তার সহায়তা নেওয়া যাবে। প্রয়োজন হলে কারিগরি সেবাও কেনা যাবে। সংশ্লিষ্ট ব্যয় সরকারি বিধিবিধান মেনে নির্ধারিত খাত থেকে বহন করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবরের নির্দেশনা অনুসরণ করেও মিডিয়া সেলকে দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলোও নিজস্ব ব্যবস্থাপনায় এ ধরনের সেল গঠন করতে পারবে।
প্রতি মাসে হবে সমন্বয় সভা
অন্য পরিপত্রে দেশের প্রতিটি জেলায় প্রতি মাসে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো এ সভার মূল উদ্দেশ্য।
জেলা ম্যাজিস্ট্রেট সভায় সভাপতিত্ব করবেন। জেলা ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রতিনিধি এবং সরকারি আইনজীবীরা এতে সদস্য হিসেবে থাকবেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
প্রয়োজনে অন্য কর্মকর্তাদেরও সভায় আমন্ত্রণ জানানো যাবে। প্রতি চার মাসে একবার সংশ্লিষ্ট আদালত ও মোবাইল কোর্টের সহকারীদেরও সভায় উপস্থিত থাকতে হবে।
সভায় ফৌজদারি আদালতের মামলা নিষ্পত্তির অগ্রগতি, মোবাইল কোর্ট আইন-২০০৯-এর অধীনে পরিচালিত কার্যক্রম এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩-এর অধীনে দায়ের করা মামলার অগ্রগতি পর্যালোচনা করা হবে।
দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলো দ্রুত শেষ করতে কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশনাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন আইনের অধীনে দায়ের করা আপিল মামলায় সরকারের পক্ষে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, তা তদারকি করা হবে।
এ ছাড়া অপরাধ প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আইন ও বিধিবিধান সম্পর্কে হালনাগাদ জ্ঞান নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হবে।
বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ঘাটতি ও প্রশাসনিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাতে পারবে কমিটি।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার দিন সুবিধাজনক সময়ে এ সভা আয়োজন করতে হবে। প্রতিটি সভার কার্যবিবরণী ডি-নথির মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
২০০৯ সালের আইনে পরিচালিত হয় মোবাইল কোর্ট
বাংলাদেশে মোবাইল কোর্ট পরিচালিত হয় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর অধীনে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আইনটি প্রণয়ন করা হয়।
এ আইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নির্দিষ্ট কিছু অপরাধ ঘটনাস্থলে আমলে নিয়ে তাৎক্ষণিক দণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে আইনের তফসিল, অপরাধের ধরন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
আইনের ৭ ধারায় বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ গঠন করে তা তাঁকে পড়ে শোনাতে হবে এবং অভিযোগ স্বীকার করেন কি না, তা জানতে হবে। অভিযোগ স্বীকার করলে তা লিখিতভাবে লিপিবদ্ধ করে অভিযুক্ত ব্যক্তি ও দুই সাক্ষীর স্বাক্ষর নিতে হবে।
অভিযোগ অস্বীকার করলে এবং তাঁর ব্যাখ্যা সন্তোষজনক না হলে মামলাটি উপযুক্ত আদালতে পাঠানোর বিধান রয়েছে। অন্যদিকে, আইনের ৮ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে।
তবে মোবাইল কোর্টের বিচারিক ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক রয়েছে। ২০১৭ সালের ১১ মে হাইকোর্ট এক রায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার বৈধতা এবং আইনের কয়েকটি ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। পরে আপিল বিভাগের স্থগিতাদেশে ওই রায়ের কার্যকারিতা স্থগিত হয়।